তুচ্ছ ঘটনায় সহপাঠীর কাঠের টুকরার আঘাতে শিক্ষার্থী খুন

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২০:০৩

সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সহপাঠীর কাঠের টুকরার আঘাতে এক শিক্ষার্থীর ‍মৃত্যু হয়েছে। নিহতের নাম তানভির হোসেন তুহিন (১৯)। এ ঘটনায় ১০ জনকে আসামি করে বুধবার রাতে মহানগর পুলিশের মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন নিহতের চাচা নাজিম উদ্দিন।

মামলার ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ‘নিহতের চাচা বাদী হয়ে বুধবার রাতেই কামরান নামে এক ব্যক্তিকে প্রধান আসামি করে আরও ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় তাহের নামের একজনকে আটক করা হয়েছে।’

গত বুধবার সকালে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে তুহিনের জুতা হারানোর ঘটনাকে কেন্দ্র করে তর্ক বাঁধে। এক পর্যায়ে কাঠের টুকরো দিয়ে সহপাঠীর মাথায় করা আঘাতে গুরুতর আহত হন তানভির হোসেন তুহিন। আহত অবস্থায় তাকে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে দুপুরে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। বিকেলে ঢাকায় যাওয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন: সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপরে

নিহত তানভির হোসেন তুহিন গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কোনাচর দক্ষিণভাগ পলিকাপন গ্রামের মানিক মিয়ার পুত্র।

ইত্তেফাক/নূহু