বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার মুখ’ প্রচার হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এবারের বিষয় বর্ষা। বর্ষা ঋতুকে ঘিরে পুরো একটি ম্যাগাজিন অনুষ্ঠান এই প্রথম বলে জানান অনুষ্ঠান নির্মাতা ও সঞ্চালক সাইফুল আজম বাশার। বিশেষ এই আয়োজন প্রসঙ্গে সাইফুল আজম বাশার বলেন, ‘বর্ষা বাঙালি শিল্প, সাহিত্য সংস্কৃতির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি ঋতু। এই ঋতুতে কবিগুরু থেকে শুরু করে আজকের প্রজন্ম পর্যন্ত অগণিত গান রচনা করেছে। এই ভাবনা থেকেই বাংলার মুখের এবারের পর্বটি বিশেষ একটি পর্ব হিসেবে আমরা উপস্থাপন করতে যাচ্ছি।’
বর্ষাকে ঘিরে এই বিশেষ পর্বে থাকছে সংগীতশিল্পী আবিদা সুলতানার কণ্ঠে ‘ও বৃষ্টি’, রুনা লায়লার গাওয়া গান ‘এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না’, মেহের আফরোজ শাওনের গাওয়া গান ‘যদি মন কাঁদে তুমি চলে এসো’, সুস্মিতা আনিসের কণ্ঠে ‘এসো সজলো শ্যামলো’, ছন্দা চক্রবর্তীর কণ্ঠে ‘আষাঢ়েরও পালঙ্ক আমার ডাকে যে তোমায়’, রবীন্দ্রসংগীত ‘আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে’।
গানগুলোর সঙ্গে নৃত্য পরিবেশনা ও কোরিওগ্রাফিতে থাকছে অনিক বসু ও তাঁর দল, নাট্যাংশে এস এম মোহসিন, খালেকুজ্জামান, সুব্রত চৌধুরী, জ্যাকি আলমগীর ও তপন।
অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন সাইফুল আজম বাশার এবং প্রযোজনা করেছেন ইলোন শফীর।
