‘পক্ষপাতিত্ব ও ভণ্ডামির’ অভিযোগে সাবেকদের টুর্নামেন্ট বর্জনের ঘোষণা পাকিস্তানের

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৪:০৮

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস-এ রানার্স আপ হয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস। ফাইনালে এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডবে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি শহীদ আফ্রিদিরা। ৯ উইকেটের বড় ব্যবধানে হারে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। তবে ভবিষ্যতে আর এই টুর্নামেন্টে দেখা যাবে না পাকিস্তানকে। ‘পক্ষপাতিত্ব ও ভণ্ডামির’ অভিযোগ তুলে সামনের আসরগুলোতে এই টুর্নামেন্টে অংশগ্রহণকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রাজনৈতিক বৈরিতার জের ধরে এবারের আসরে প্রাথমিক পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বর্জন করে ভারত চ্যাম্পিয়নস। পরে সেমিফাইনালেও পাকিস্তানকেই সামনে পায় তারা। সেই ম্যাচেও খেলেননি ভারতীয়রা। এরপর টুর্নামেন্ট শেষে এলো পিসিবির কঠোর সিদ্ধান্ত।

প্রাথমিক পর্বের ওই ম্যাচে ভারত খেলতে অস্বীকৃতি জানানোর পর দুই দলকেই এক পয়েন্ট করে দেওয়া হয়। একটি দল খেলতে না চাওয়ায় পয়েন্ট ভাগাভাগির এই সিদ্ধান্তকে ‘পক্ষপাতিত্ব ও ভণ্ডামি’ করা হয়েছে বলে উল্লেখ করা হয় পিসিবির বিবৃতিতে।

৭৯তম বোর্ড অব গভর্নর্স সভা শেষে বিবৃতিতে পিসিবি জানায়, “ম্যাচ বাতিলের সিদ্ধান্ত কোনো ক্রিকেটীয় কারণে হয়নি, বরং সুনিষ্টি জাতীয়তাবাদী ধারণাকে তুষ্ট করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের ক্রিকেটারদেরকে আমরা এমন আসরে অংশ নিতে দিতে পারি না, যেখানে খেলাধুলার চেতনাকে ছাপিয়ে যায় বিকৃত রাজনীতি, স্পোর্টসম্যানশিপ ও ভদ্রলোকের খেলার ধারণাটিকেই যা খাটো করে তোলে।”

ভারত ম্যাচ বর্জন করার পর আয়োজকদের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছিল, “কারও অনুভূতিতে আঘাত লাগলে তারা দুঃখিত।” আয়োজকদের এমন বক্তব্য ‘পক্ষপাতমূলক ও সংবেদনশীলতার ছদ্মবেশে আন্তর্জাতিক ক্রীড়া সমাজে অগ্রহণযোগ্য বার্তা ছড়িয়েছে’ বলে উল্লেখ করা হয়েছে পিসিবির বিবৃতিতে।

ইত্তেফাক/জেডএইচ