জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ‘বিস্ফোরণের শব্দ শুনেছে’ আইএইএ

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৬:৫০

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ‘বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে’ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ধোঁয়াও বের হতে দেখেছে সংস্থাটি।

শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে আইএইএ বলেছে, 'ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আইএইএ দল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে এবং কাছাকাছি একটি স্থান থেকে ধোঁয়া বের হতে দেখেছে। প্ল্যান্ট জানিয়েছে, তাদের একটি সহায়ক স্থাপনায় আক্রমণ করা হয়েছে।'

জাপোরিঝিয়ার কর্মকর্তারা আইএইএ'র দলকে জানিয়েছেন, 'প্ল্যান্টের পরিধি থেকে ১২০০ মিটার দূরে অবস্থিত একটি স্থাপনা স্থানীয় সময় সকাল ৯টা থেকে গোলাবর্ষণ এবং ড্রোন হামলার শিকার হয়। এ সময় দলটি কাছাকাছি সামরিক কার্যকলাপ শুনতে পায়, সেই সময়ই এটি (বিস্ফোরণ) ঘটে। বিকেলের পরেও এলাকা থেকে ধোঁয়া দেখা যাচ্ছিল।'

এতে বলা হয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে যে কোনো আক্রমণ - লক্ষ্যবস্তু নির্বিশেষে, পারমাণবিক নিরাপত্তার জন্যও সম্ভাব্য ঝুঁকি তৈরি করা এড়িয়ে চলতে হবে।

সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, 'পরমাণু দুর্ঘটনার ঝুঁকি রোধে আমি আবারও পারমাণবিক স্থাপনার কাছে সর্বাধিক সামরিক সংযমের আহ্বান জানাচ্ছি।'

ইত্তেফাক/এসকে