রামুতে রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই টমটম চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৭:২২

রেল দুর্ঘটনায় প্রাণহানির রেশ কাটতে না কাটতেই কক্সবাজারের রামুতে আবারও এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। রোববার (৩ আগস্ট) সকালে উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় একটি নালার ভেতর থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক টমটম চালকের মরদেহ।

নিহত যুবকের নাম সোহেল (১৮)। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে নালায় মরদেহটি ভেসে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেয়। পাশে পড়ে ছিল একটি ব্যাটারিচালিত টমটম। মরদেহের বুক জুড়ে ছিল একাধিক ছুরিকাঘাতের চিহ্ন এবং গলায় পেঁচানো ছিল কাপড়। ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যা।

রশিদনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবদুল করিম বলেন, সকাল ৭টার দিকে এলাকার মানুষ জেটি রাস্তার পাশে একটি ড্রেনে মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

রামু থানার উপ-পরিদর্শক (এসআই) আরমান আজাদের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও টমটম উদ্ধার করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত টমটমটিও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এএইচপি