বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করা একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে-বয়া সংলগ্ন গভীর সাগর থেকে শনিবার (২ আগস্ট) রাতে ট্রলারসহ তাদের আটক করা হয়।
আটককৃত এফ বি পারমিতা নামক ওই ট্রলারটি নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ রবিবার (৩ আগস্ট) সকালে মোংলার উদ্দেশ্যে রওনা হয়েছে।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, ভারতীয় ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে। এছাড়াও ওই ট্রলারসহ জেলেদেরকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ সকল জেলেদের বাড়ী ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, ‘সমুদ্রসীমা লঙ্ঘন আইন করে বেআইনিভাবে এদেশের জলসীমায় অনুপ্রবেশে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। এরপর সোমবার সকালে এসকল জেলেদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এর আগে গত ১৪ জুলাই একই এলাকা থেকে এফ বি ঝড় ও এফ বি মঙ্গল চন্ডি নামক দুইটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।’
