বাণিজ্যের প্রসারে ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান করা হচ্ছে :বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২০:৪৬

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে ও আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বাংলাদেশ সব পদক্ষেপ গ্রহণ করবে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অফিসগুলোকে ডিজিটাল করা হয়েছে। এখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে জিএসপি পেতে ব্যবসায়ীরা নিজেরাই নিজেদের সার্টিফিকেট ইস্যু করবেন। ট্রেড লাইসেন্স নবায়ন অনলাইনে করা হচ্ছে। জয়েন্ট স্টক কোম্পানির (আরজেএসসি) কাজ এখন অনলাইনেই করা হচ্ছে।  গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-এর বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।  বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন সহজেই ব্যবসা করা যায়। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিওটিও) পরামর্শ মোতাবেক বাংলাদেশ বাণিজ্য সহজীকরণে অনেক এগিয়ে গেছে। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য সরকার সবকিছুই করবে। গত বছর বাংলাদেশ ৪ হাজার ৫৩  কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করা হয়েছে। এটা ছিল লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৫৫ শতাংশ। আগামী ২০২১ সালে দেশের মোট রপ্তানির পরিমাণ দাঁড়াবে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। দেশে এখন কোনো খাদ্যসংকট নেই। সরকার ইতিমধ্যে ২ লাখ মেট্রিক টন চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি রিসার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ এর রিসার্স ডিরেক্টর  ড. এম এ রাজ্জাক। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জিওফ্রে ম্যাকডোনাল্ড, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের চিফ অব মিশন জিওর্জি গিগোরি প্রমুখ।