বিশ্বকাপের পর এক সঙ্গে ফাঁকা হয়ে গেছে বাংলাদেশের কোচিং স্ট্যাফের একগাদা পদ। প্রধান কোচ, পেস বোলিং কোচ, স্পিন কোচ, ফিজিওথেরাপিস্ট পদে এই মুহূর্তে কেউ নেই। কাজ চালানো হচ্ছে অন্যান্য জায়গায় কর্মরতদের দিয়ে। এর সাথে এই মাস শেষে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাটিং কোচের পদও। এর অর্থ হলো, এক বারে বেশ কয়েক জন কোচ খুঁজতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। আর বিসিবির এক কর্মকর্তা গতকাল ধারণা দিলেন বাকী পদগুলোতে দ্রুত নিয়োগ হলেও প্রধান কোচ হিসেবে তাড়াহুড়ো করে কাউকে নিয়োগ দিতে চায় না বিসিবি।
প্রধান কোচ পদে সবচেয়ে বড় গুঞ্জন এখন চান্দিকা হাতুরুসিংহের ফিরে আসা। এর আগে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে তিনি আর বাংলাদেশের দায়িত্ব নিতে ফিরে আসেননি। বরং কিছুদিনের মধ্যে নিজের দেশ শ্রীলঙ্কা জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন তিনি। কিন্তু সেখানেও তিনি স্বস্তিতে নেই।
শ্রীলঙ্কায় দায়িত্ব গ্রহণের সময় হাতুরুসিংহে শর্ত দিয়েছিলেন, তাকে নির্বাচক কমিটিতে রাখতে হবে। শুরুতে সেই শর্ত মানলেও পরে বোর্ড এই অবস্থান থেকে সরে আসে। আর এই নিয়েই টানাপোড়েন শুরু হয় দুই পক্ষের। সর্বশেষ শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হাতুরুসিংহেকে পদত্যাগ করতে বলা হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে।
এ অবস্থায় বিসিবি বেশ ভালোভাবেই বিবেচনা করছে পুরনো এই কোচকে ফিরিয়ে আনার ব্যাপারে। বিসিবি সভাপতি বলেছেন, এখন সিরিজ চলছে বলে দুই পক্ষের আলোচনা হচ্ছে না। তবে সিরিজ শেষ হলে হাতুরুসিংহে রাজী থাকলে আলোচনা হতে পারে বলে তিনি ধারণা দিয়ে রেখেছেন।
তবে বিসিবির এক পরিচালক গতকাল বললেন, তাদের বিবেচনায় হাতুরুসিংহে ছাড়াও কয়েক জন যোগ্য কোচ আছেন। তাই তারা তাড়াহুড়ো করতে চান না। তারা চান নভেম্বরে ভারত সফরের আগে একজন কোচকে দীর্ঘমেয়াদে নিয়োগ দিতে, ‘আমরা প্রধান কোচ নিয়ে তাড়াহুড়ো করছি না। বেশ কিছু বিবেচনার ব্যাপার আছে এখানে। হয়তো আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগেও আমরা নিয়োগ নাও দিতে পারি। তবে ভারত সফরের আগে যে প্রধান কোচ পাওয়া যাবে, সেটা নিশ্চিত করতে পারি।’
প্রধান কোচ ছাড়া বোলিং কোচ, ব্যাটিং কোচও খোঁজ করছে বিসিবি। ব্যাটিং কোচ নিয়ে তারা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তবে পেস বোলিং কোচ হওয়ার জন্য ইতিমধ্যে ওয়াকার ইউনুস, আকিব জাভেদ ও অ্যালান ডোনাল্ড আগ্রহ দেখিয়েছেন বলে জানা যাচ্ছে। এ ছাড়া স্পিন বোলিং কোচ হওয়ার জন্য ড্যানিয়েল ভেট্টোরি আগ্রহী বলে খবর প্রকাশ পেয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বোর্ড পরিচালক বললেন, বোলিং কোচ খুব দ্রুতই নিয়োগ পেয়ে যেতে পারেন। আগামীকাল বোর্ড সভা আছে। এই সভাতেই বোলিং কোচের নিয়োগ চূড়ান্ত হয়ে যেতে পারে, ‘বোলিং কোচসহ কয়েক জন সহকারীর ব্যাপারে আমরা বেশ এগিয়ে গেছি। এই বোর্ড সভার পরপরই আপনারা নামগুলো জেনে যেতে পারেন।’
