জানালেন নেতানিয়াহু 

পুরো গাজা দখলে নেবে ইসরায়েল 

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৯:১৯

পুরো গাজা দখলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার (৪ আগস্ট) নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইউরো নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় দেশটির চীফ অব স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরকে বলেছে, যদি এটি (পুরো গাজা দখলের সিদ্ধান্ত) পছন্দ না হয়, তাহলে আপনার পদত্যাগ করা উচিত।

খবরে বলা হয়েছে, গাজায় যেসব অঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনী অভিযান চালাচ্ছে এবং ধারণা করা হচ্ছে এসব অঞ্চলে ইসরায়েলি জিম্মিরা আছে- সেসব অঞ্চলও দখলের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, আমরা গাজাকে এই সন্ত্রাসীদের অত্যাচার থেকে মুক্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গাজার অনেক মানুষ আমাদের কাছে আসে এবং বলে, আমাদের মুক্ত হতে সাহায্য করুন। হামাস থেকে মুক্ত হতে আমাদের সাহায্য করুন। এবং আমরা সেটাই করব। 

ইসরায়েলে আর্মি রেডিও'র প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধ পরিচালনা নিয়ে নেতানিয়াহু এবং জামিরের মতবিরোধ রয়েছে। তাই পুরো গাজা দখলের সিদ্ধান্ত পছন্দ না হলে জামিরকে পদত্যাগের কথা বলা হয়েছে। 

ইত্তেফাক/এসআর