নতুন শুরুর জন্য তৈরি লিভারপুল

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:০৩

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এবার নতুন অধ্যায় শুরুর জন্য প্রস্তুত লিভারপুল।

গতকাল বৃহস্পতিবার প্রাক-মৌসুম প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের শেষ ম্যাচে স্পোর্টিং লিসবনের সঙ্গে ২-২ গোলে ড্র করে দলটি। এরপর দলের কোচ য়ুর্গেন ক্লপ জানান, চ্যাম্পিয়ন্স লিগ জয়কে পেছনে ফেলে নতুনভাবে সবকিছু শুরু করার জন্য প্রস্তুত তিনি।

লিভারপুল এদিন নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে ব্রুনো ফার্নান্দেজের গোলে পিছিয়ে পড়লেও দিভোক অরিগি ও জর্জিনিও ওয়াইনাল্ডামের গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ব্রাজিলীয় মিডফিল্ডার ওয়েন্ডেলের গোলে সমতায় ফেরে লিসবন। ফলে ২-২ গোলের ড্র-তে বাধ্য হয় অল রেডরা। 

ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হবে ৯ আগস্ট। তার আগে এখন প্রাক-মৌসুম প্রস্তুতি চলছে লিভারপুলের। তবে প্রথম একাদশের অনেকেই এখনো দলে ফেরেননি।

ক্লপের পছন্দের একাদশের কমপক্ষে চার জনকে ছাড়াই প্রাক-মৌসুমের ম্যাচগুলোয় খেলেছে দলটি। ডর্টমুন্ডের কাছে হার দিয়ে প্রাক-মৌসুম শুরু করার পর সেভিয়ার কাছেও পরাজিত হয়েছিল লিভারপুল। প্রাক-মৌসুমে অবশ্য ফলাফলের চেয়ে দলের গঠন, কৌশল এবং খেলোয়াড়দের পারফরমেন্সের দিকেই বেশি নজর থাকে কোচদের।

তবে জার্মান এ কোচের মতে, শেষ কয়দিনে একটু বেশিই পরিশ্রম করতে হয়েছে দলকে। জার্মান এ কোচকে বেশি স্বস্তি দিচ্ছে ইংল্যান্ডে ফেরার ব্যাপারটা। ক্লপের ভাষ্য, ‘এটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সপ্তাহ ছিল। খুবই কম সময়ে তিনটা ম্যাচ খেলতে হয়েছে আমাদের। আমার মনে হয় আমরা বেশি কাজ করে ফেলেছি। খেলার দৃষ্টিকোণ থেকে দেখলে, ইংল্যান্ডে ফেরার ব্যাপারটা আমাকে আনন্দিত করছে।’

গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আগে প্রিমিয়ার লিগেও জেতার হাতছানি ছিল লিভারপুলের সামনে। চলতি বছরের শুরুতে একটা সময় প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি থেকে সাত পয়েন্টে এগিয়েও ছিল অলরেডরা। কিন্তু জানুয়ারিতে দলটির বাজে ফর্ম প্রিমিয়ার লিগে চালকের আসনে এনে দেয় সিটিকে। শেষমেশ ৯৭ পয়েন্ট নিয়েও প্রিমিয়ার লিগ জিততে না পেরে লিভারপুলের ২৯ বছরের অপেক্ষা বাড়ে আরো এক বছর।

ক্লপ জানালেন চ্যাম্পিয়ন্স লিগ জয়কে পেছনে ফেলে নতুন অধ্যায় রচনায় মনোযোগী হতে হবে দলকে। লিভারপুল কোচ বলেন, ‘এখন আমার সঙ্গে আর কারো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা নিয়ে কথা বলা উচিত হবে না। এটা এখন অতীত হয়ে গেছে। আমরা এখন নতুন অধ্যায় রচনা করতে প্রস্তুত।’

ম্যাচের শুরুতে গোলরক্ষকের ভুলে পিছিয়ে পড়েছিল লিভারপুল। ক্লপ একে দেখছেন স্বাভাবিক ঘটনা হিসেবেই। তিনি বলেন, ‘এটা গোলরক্ষকের ভুল ছিল, এমন ঘটেই থাকে। আমরা ভালো প্রতিক্রিয়া দেখিয়েছি এবং দুটো ভালো গোল করেছি।’

তিনি আরো বলেন, ‘এটা একটা প্রকৃত প্রাক-মৌসুম ম্যাচ ছিল, ভুলগুলো খেলার তীব্রতার কারণেই হয়েছিল। সবকিছু নিয়েই কাজ করতে হবে আমাদের কিন্তু আমরা কিছু ভালো মুহূর্ত সৃষ্টি করেছিলাম।’