ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশ উঠল

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:০৪

ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশের আরো এক ধাপ উন্নতি হয়েছে। অবনমন হয়েছে বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। ভারতের অবনমন হলেও ফিফার র্যাংকিংয়ে বাংলাদশ এবং ভারতের পার্থক্য এখনো অনেক বেশি।

ফিফার বর্তমান র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮২। আর সাফে বাংলাদেশের অবস্থান চতুর্থ স্থানে। দুই ধাপ নিচে নেমে ১০৩ নম্বর র্যাংকিংয়ে থাকা ভারত সাফের প্রথম স্থানে রয়েছে। ১৫২ নম্বরে থাকা মালদ্বীপ দ্বিতীয় স্থানে, ১৬৬ নম্বর নিয়ে তৃতীয় স্থানে নেপাল, ১৮২ নম্বরে বাংলাদেশ চতুর্থ স্থানে, ১৮৬ নম্বরে ভুটান পঞ্চম, ২০০ নম্বরে থাকা শ্রীলঙ্কা ষষ্ঠ এবং ২০৪ নম্বরে থাকা পাকিস্তান সপ্তম স্থানে।

গতকাল ফিফার র্যাংকিং প্রকাশ করা হয়। সর্বশেষ ছয় মাসে ১০ বার বাংলাদেশের উন্নতি হয়। এ র্যাংকিংয়ে এক নম্বরে রয়েছে বেলজিয়াম, দ্বিতীয় স্থানে ব্রাজিল, তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। ইরানের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। ইরান ২০ থেকে নেমে ২৩ নম্বরে আছে এখন। কাতার বিশ্বকাপ বাছাইয়ের খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ান চ্যাম্পিয়ন কাতার ৫৫ নম্বর থেকে ৬২ নম্বরে নেমে গেছে।