থমকে যেতে পারে গ্রিজমানের দলবদল!

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:০৬

অ্যাটলেটিকো মাদ্রিদের তোলা আপত্তির কারণে বার্সেলোনায় আন্তনিও গ্রিজমানের খেলা থমকে যেতে পারে। সম্প্রতি স্প্যানিশ যোগাযোগ মাধ্যমকে লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস এ কথা জানিয়েছেন।

বার্সেলোনা বেশ কিছুদিন আগেই অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আন্তনিও গ্রিজমানকে দলে ভিড়িয়েছে । এরপর সমর্থকদের সামনে ফরাসি ফরোয়ার্ডকে উপস্থাপনও করেছে তারা। এমনকি প্রাক মৌসুম প্রীতি ম্যাচেও খেলে ফেলেছেন তিনি। তারপরও বার্সেলোনার হয়ে খেলা আটকে যেতে পারে যে কোনো সময়।

গেল ১২ জুলাই ১২০ মিলিয়ন ইউরো পরিশোধ করে ফরাসি এই ফরোয়ার্ডকে দলে ভেড়ায় বার্সেলোনা। কিন্তু অ্যাটলেটিকোর দাবি, গত ১ জুলাই খেলোয়াড়টির দলবদল মূল ২০০ মিলিয়ন ইউরো থেকে ১২০ তে নেমে আসার আগেই চুক্তি সেরে ফেলেছিল বার্সা। ফলে এখন খেলোয়াড়টির জন্য আরো ৮০ মিলিয়ন ইউরো চাচ্ছে অ্যাটলেটিকো।

সম্প্রতি অন্দা কেরোকে তেবাস বলেন, ‘খেলোয়াড়ের দলবদল আটকে দেওয়া সম্ভব। কোন পথে কাজটা শুরু করতে হবে এ ব্যাপারে লা লিগা কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে।’

তেবাস জানান ইতিমধ্যে বার্সার বিপক্ষে লা লিগার কাছে লিখিত অভিযোগও জানিয়েছে অ্যাটলেটিকো। তিনি বলেন, ‘তারা একটি অভিযোগ দাখিল করেছে। এর কারণে গ্রিজমানকে বার্সেলোনায় খেলার লাইসেন্স দেবো কি না এ নিয়ে কিছুটা সন্দেহে পড়ে গেছি। একটা প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং যারা এটা দেখছে তাদের বিষয়টা সমাধান করতে হবে।’