বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস উপলক্ষে সংগীতের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন দেশের জনপ্রিয় গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। এই উপলক্ষে তিনি গেয়েছেন রবীন্দ্রসংগীত ‘তুমি রবে নীরবে’। গানটিতে তার সঙ্গে দ্বৈতভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী বন্নি হাসান।
গানটির সংগীতায়োজন করেছেন সালমান জেইম। শুভব্রত সরকারের পরিচালনায় নির্মিত হয়েছে এর একটি মিউজিক ভিডিও, যেখানে মডেল হিসেবে দেখা যাবে জান্নাতি লিয়াকে। কোরিওগ্রাফি করেছেন ইমরুল হাসান। ভিডিওটির চিত্রায়ন করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোরম লোকেশনে।
৬ আগস্ট রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে গানটি শফিক তুহিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। এ প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা রবীন্দ্রনাথ ও নজরুলের গান শুনে বড় হয়েছি। যত বড় হয়েছি, ততই রবীন্দ্রনাথকে বুঝতে শিখেছি, ভালোবেসেছি। তার প্রয়াণ দিবসে এই গানটি গেয়ে শ্রদ্ধা জানিয়েছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
প্রসঙ্গত, প্রায় ছয় বছর আগে শফিক তুহিন একটি রবীন্দ্রসংগীত প্রকাশ করেছিলেন। এতদিন পর তার কণ্ঠে রবীন্দ্রসংগীত শ্রোতাদের উচ্ছ্বসিত করবে বলে শিল্পীর বিশ্বাস।

