বিশ্বকাপ জয়ের পর প্রথম টেস্ট খেলতে নেমেই প্রথম ইনিংসে ৮৫ রানে অলআউট হয়ে বিরাট বিস্ময়ের জন্ম দিয়েছিল ইংল্যান্ড। গতকাল দ্বিতীয় ইনিংসে সেই ধকল সামলে উঠেছে ইংল্যান্ড। তাদের প্রথম ইনিংসের জবাবে আয়ারল্যান্ড অলআউট হয়েছিল ২০৭ রানে। আর দ্বিতীয় ইনিংসে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ ওভারে ১ উইকেটে ১৪৭ রান তুলেছে ইংলিশরা। জ্যাক লিচ ৭২ রানে এবং জেসন রয় ৬২ রানে ব্যাট করছেন।
ইংল্যান্ডকে তাদের ঘরের মাটির সবচেয়ে ছোটো স্কোরে অলআউট করার সুবিধাটা সেভাবে নিতে পারেনি আইরিশরা। নিজেরা ব্যাটিংটা খুব ভালো করতে পারেনি। যদিও তিন নম্বরে নামা ব্যালব্রাইন ৫৫ ও পল স্টার্লিং ৩৩ রান করে বড়ো স্কোরের ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু পরে কোনো ব্যাটসম্যান আর বড়ো স্কোর করতে পারেননি।
ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড, ওলি স্টোন ও স্যাম কুরান ৩টি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ১২২ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করে ইংলিশরা। দলীয় ২৬ রানে ইংল্যান্ড আবারও প্রথম উইকেট হারিয়ে ফেলে। ররি বার্নস ৬ রান করে ফিরে আসেন। ফলে আরো একটা বিপর্যয়ের আশঙ্কা ছিল। কিন্তু এই আশঙ্কাটা দূর করেন প্রথম টেস্ট খেলতে নামা জেসন রয় ও জ্যাক লিচ।
