সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত দুজন আহতের খবর পাওয়া গেছে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। এরা হলো—সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী, সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের ডিপ্লোমা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান খুশী ও সফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সুনামগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা শান্তিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। অটোরিকশাটি বাহাদুরপুর এলাকায় পৌঁছালে সিলেটের দিক থেকে আসা বিপরীতমুখী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি অটোরিকশা। এসময় থেঁতলে যায় ভেতরে থাকা যাত্রীরা। ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে শান্তিগঞ্জ উপজেলায় বাস রেখে চালক পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ থানার এসআই আনিস বলেন, বাস-সিএনজির মুখোমুখি নিহতদের মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
