কুষ্টিয়ায় গৃহপরিচারিকা রেখা খাতুনকে (৩৮) হত্যার দায়ে গৃহকর্তাসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার কুষ্টিয়ার দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, হাসেম সর্দার, মোফাজ্জেল হোসেন ওরফে মুফাজ ও আকরামুল হক ওরফে আকেম।
আদালত সূত্র জানায়, দৌলতপুর উপজেলার শিলতীপাড়া গ্রামের রুস্তম আলীর স্ত্রী রেখা খাতুন বাড়ির পাশে মোফাজ্জেল হোসেনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। ২০১৩ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বের হওয়ার পর রেখা নিখোঁজ হন। ঘটনার একদিন পর এলাকার একটি সরিষাক্ষেতে রেখা খাতুনের লাশের সন্ধান মেলে। পরে নিহতের স্বামী রুস্তম আলী বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
দৌলতপুর থানার পুলিশ কর্মকর্তা রাশেদুল আলম মামলাটি আংশিক তদন্ত করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডির তদন্তকারী পরিদর্শক আকিদুল ইসলাম দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালের ১৯ মে আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।
সাক্ষ্য-প্রমাণ ও যুক্তি-তর্ক উপস্থাপন শেষে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিদের বিরুদ্ধে ওই দণ্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।
আরও পড়ুন: নবীগঞ্জে ছোট বোনের বাড়িতে বেড়াতে এসে লাশ হলেন বড়বোন
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারী কৌশূলী আইনজীবী অনুপ কুমার নন্দী এবং আসামি ছিলেন আইনজীবী তানজিলুর রহমান।
ইত্তেফাক/নূহু
