একদিন বন্ধ থাকার পর খাগড়াছড়ি-সাজেক যান চলাচল শুরু

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৬:০২

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সড়ক প্লাবিত হয়ে একদিন বন্ধ থাকার পর খাগড়াছড়ি থেকে রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্র-গামী যান চলাচল আবারও চালু হয়েছে।  বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি-সাজেক সড়কে যানবাহন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।  

তিনি বলেন, ‘বৃষ্টি না থাকায় সকাল থেকে মাচালং বাজার, সীমানাছড়া ও বাঘাইহাট বাজার থেকে পানি নেমে যেতে শুরু করে। পরে সকাল ১১টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। তবে সড়কের কিছু অংশে এখনও পানি আছে।’

এর আগে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢল শুরু হলে মঙ্গলবার (৫ আগস্ট) খাগড়াছড়ি-সাজেক সড়কের মাচালং বাজার এলাকায় সড়ক তলিয়ে যায়, ফলে যান চলাচল বন্ধ হয়ে কয়েক শত পর্যটক সাজেকে আটকা পড়েন।  

স্থানীয় এক সূত্র জানায়, সেদিন পর্যটকদের গাড়ি চলাচল বন্ধ থাকলেও অনেকেই পানিতে ডুবে যাওয়া সড়ক অংশটি বাঁশের ভেলা কিংবা নৌকার সাহায্যে পার হয়েছেন। তবে যেসব পর্যটক ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছিলেন, তারা পুনরায় সাজেকে ফিরে যান। আর অনেকে পানি-বাধার কারণে বাঘাইহাট থেকে খাগড়াছড়িতে ফিরে আসেন।

ইত্তেফাক/এএম/এনজি