ভোটাধিকার ফিরিয়ে আনা ও নির্যাতনের বিচারই প্রথম কাজ: ডা. জাহিদ

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৬:৫২

নির্যাতনের বিচার ও ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের প্রথম কাজ বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১২ টায় কুমিল্লা মহানগর বিএনপির কার্যালয়ের সামনে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির আয়োজিত র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, সর্বপ্রথম যে কাজ করা উচিৎ সেটা হলো, যারা আমাদের ওপর নির্যাতন করেছে, আমাদের ভাইদের হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। এছাড়াও, মানুষ যাতে তাদের ভোটাধিকার ফিরে পায় সেটা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জাতির বৃহত্তর স্বার্থে যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে আমরা সেটাকে সাধুবাদ জানাই। আগামীতে একজন নির্বাচিত সরকার দেশের ক্ষমতা গ্রহণ করবে এটাই আমরা চাই।

বিএনপির এই নেতা বলেন, আগামী দিনে মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হবে। বিগত ৪টি নির্বাচনে মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। আশা করি, আগামীতে তারা সেটা পারবে।

তিনি বলেন, স্বৈরাচারীরা যে টাকা বিদেশে পাচার করেছে তা ফিরিয়ে এনে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে। এরপর, যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে পুনর্বাসন করতে হবে।

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গত ১৬ বছর ধরে আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন। এই কুমিল্লায় আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছে। আজ আমরা সেসকল ভাইদেরকে স্মরণ করছি। যারা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা নির্যাতিত হয়েছে, আমরা সবসময় তাদের পাশে আছি। বিএনপি তাদের সবসময় সহযোগীতা করে আসছে, আগামীতেও করবে।

ইত্তেফাক/এনএ