কিশোরগঞ্জে সড়কে হাঁটু পরিমাণ কাদা পানি

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:২৩

কয়েকদিনের টানা বর্ষণে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কালিকাপুর ভায়া পঞ্চপুকুর বাইপাস সড়কের মাত্র এক কিলোমিটার কাঁচা সড়কে হাঁটু পরিমাণ কাদা পানি জমে থাকায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন থেকে ঐ এক কিলোমিটার সড়ক পাকা না হওয়ায় পথচারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামের নিলু চৌধুরীর বাড়ি থেকে ব্রিজের সংযোগ সড়ক পর্যন্ত এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন থেকে পাকাকরণ না করায় দুই উপজেলার হাজার হাজার মানুষ চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে কয়েকদিনের টানা বর্ষণে সড়কটিতে হাঁটু পরিমাণ কাদা পানি জমে আছে। ঐ এক কিলোমিটার সড়ক পাকা না হওয়ায় যানবাহন চলাচল করতে পারছে না। এতে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি কোনো কাজে আসছে না।

কালিকাপুর গ্রামের বাসিন্দা এবং নীলফামারীতে কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সামাদ বলেন, নীলফামারী থেকে কিশোরগঞ্জ উপজেলার দূরত্ব ২৪ কিলোমিটার। তাই আমার মতো যারা নীলফামারীতে কর্মরত আছে এবং বিভিন্ন মামলা মোকদ্দমায় নীলফামারী কোর্টে যান তারা সবাই বর্তমানে এই সড়ক দিয়ে যাতায়াত করতে না পেরে অনেকটা বাধ্য হয়ে টেংগনমারী দিয়ে ঘুরে নীলফামারী সদরে যাতায়াত করছেন।

নীলফামারী সরকারি মহিলা কলেজের ছাত্রী এবং মন্থনা গ্রামের বাসিন্দা আমেনা খাতুন বলেন, চাড়ালকাটা নদীর উপর ব্রিজ নির্মাণের ফলে আমরা ভেবেছিলাম এখন খুব সহজেই নীলফামারীতে যেতে পারব । কিন্তু বর্তমানে সড়কটির যে অবস্থা তাতে রিকশা ভ্যানতো দূরের কথা হেঁটে যাওয়া যায় না।

কিশোরগঞ্জ উপজেলা প্রকীেশলী এস এম কেরামত আলী নান্নু বলেন, আমরা ঐ এক কিলোমিটার সড়ক পাকা করার জন্য বরাদ্দ চেয়ে পাঠিয়েছি। বরাদ্দ আসলে সড়কটি পাকা হবে।

কিশোরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই বলেন, কয়েকদিনের টানা বর্ষণে সড়টিতে কাদা পানি জমেছে। সড়কটি পরিদর্শন সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।