কোম্পানীগঞ্জে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৯:৫৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকাল ১০টায় হাজারীহাট বাজারে যুবদলের ফারুক গ্রুপের সঙ্গে বাবলু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে। 

সংঘর্ষে আহতরা হলেন- বাবলু (২৮), মনির (২৫), রমজান (২৭), সাকিল (২৪), নুর উদ্দিন ফয়সাল (২৫), আকবর হোসেন (৩৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজারী হাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের ফারুক ও বাবলু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। গতকাল বুধবার রাতে ফারুক গ্রুপের জাকের, বাবলু গ্রুপের মনিরের সাথে হাজারীহাট বাজারে পূর্ববিরোধের জেরে বাকবিতণ্ডায় জড়ায়। পরে সেটি উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের ৬ জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, কোনোপক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/কেএইচ