রূপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পানি উন্নয়ন বোর্ডের খাল দখলমুক্ত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ০০:১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ডের খাল দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের কর্নগোপ এলাকায় এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবেদ আলী, আশরাফ মিয়াসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, কর্নগোপ একটি বেড়িবাঁধের এলাকা। সামান্য বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তার মধ্যে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে এই অবৈধ দোকানপাট তৈরি করে স্থানীয় কয়েকজন। তাছাড়া সরকারি জমিতে বিনা অনুমতিতে কোনোপ্রকার নির্মাণকাজ সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া কে বা কারা পানি উন্নয়ন বোর্ডের জমিকে মসজিদের জন্য নির্ধারিত স্থান বলে একটি সাইনবোর্ড দিয়ে রাখেন।  পরে এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল দখলমুক্ত করা হয়।