লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৩:৩৪

লক্ষ্মীপুরের রামগতিতে নৌকায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জেলে অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। এই দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মৎস্য অবতরণকেন্দ্রের পাশের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- আমজাদ হোসেন (৪০), ফারুক হাওলাদার (৪০), আবদুল গনি (৫০) ও আবুল খায়ের (৩০)। তাদের মধ্যে আমজাদ ও ফারুকের শরীর ৫০ থেকে ৬০ শতাংশ পুড়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তারা জেলার রায়পুর উপজেলার চর কাছিয়া এলাকার সৈয়দ আহমদ ও শরীয়তপুরের বাদশা হাওলাদারের ছেলে। দগ্ধ অন্য দুজনের শরীর সামান্য পুড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামনাশিস মজুমদার বলেন, দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত ঢাকা পাঠানো হয়েছে। অন্য দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগতি বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারটি নিম্নমানের অথবা মেয়াদোত্তীর্ণ ছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এনটিএম