দৈনন্দিন জীবনে কাজের ব্যস্ততায় অনেক সময় নিজের জন্য আলাদা করে সময় বার করা যায় না। ফলে নিজে রান্না করে খাওয়াটা বেশ কঠিন হয়ে পড়ে। তাই সময় বাঁচাতে বেশিরভাগ মানুষই অনলাইনে খাবার অর্ডার দিয়ে থাকে। খাবার ডেলিভারি দিতে অনেক সময় দেরি হয়ে যায়। তবে সেই খাবার দেরি হওয়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে যদি আপনার জীবন ঝুঁকির মুখে পড়ে- এমনই এক ঘটনা ঘটেছে ভারতের ওডিশা রাজ্যে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৭ আগস্ট) ওডিশা রাজ্যের ভুবনেশ্বরে সন্ধ্যায় অনলাইনে খাবার আনতে দেরি হওয়া নিয়ে এক নারীর সঙ্গে বাগ্বিতণ্ডা হয় একটি ফুড ডেলিভারি বয়ের। ফলে বাগ্বিতণ্ডার জেরে সেই নারীকে ছুরিকাঘাত করেছেন একটি ফুড ডেলিভারি বয়। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, আহত নারী বিনোদিনী রথ। তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালের নার্স হিসেবে কর্মরত। বিনোদিনী রথ অনলাইনে খাবার অর্ডার করেছিলেন। কিন্তু খাবার আসতে অনেক দেরি হয়। যখন ডেলিভারি এজেন্ট তপন দাস ওরফে মিতু খাবার নিয়ে পৌঁছান, তখন বিনোদিনী তাকে দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করেন।
এ নিয়ে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ডেলিভারি বয় ক্ষিপ্ত হয়ে একটি ধারালো অস্ত্র দিয়ে বিনোদিনীর ওপর হামলা চালান। এতে বিনোদিনী ঘাড়, মাথা, হাত এবং পায়ে গুরুতর আঘাত পান। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ডেলিভারি এজেন্টকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে হামলার কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রটি জব্দ করে। প্রাথমিক মেডিকেল পরীক্ষায় জানা গেছে, হামলার সময় ওই ডেলিভারি এজেন্ট নেশাগ্রস্ত ছিলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
