পাঁচ বছরের ছোট্ট শিশু সোহানের পায়ের জাদুতে ভিড় জমছে বাড়ির উঠানে। ফুটবল নিয়ে তার ড্রিবলিং-কন্ট্রোলিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনায় আসে শিশুটি। তার এমন প্রতিভা এবার বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের নজর কেড়েছে। তার নির্দেশে শিশুটির বাড়িতে ছুটে গেলেন জাতীয় দলের সাবেক ফুটবলার এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানীতে খুদে মেসি খ্যাত সোহানের বাড়িতে ছুটে আসেন তিনি। এসময় তিনি সোহানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
তবে তিনি জানান, নিয়ম অনুযায়ী ৭ বছর হলেই বিকেএসপিতে প্রাকটিসের সুযোগ রয়েছে। যেহেতু সোহানের বয়স এখন সাড়ে ৫ বছর তাই তাকে এখনই বিকেএসপিতে দেওয়া যাবে না।
এর আগে বৃহস্পতিবার সকালে ‘খুদে মেসির জাদু দেখতে বাড়ির উঠানে ভিড়, দারিদ্র্যের কষাঘাতে হতাশ বাবা’ শিরোনামে ইত্তেফাক অনলাইনে সংবাদ প্রকাশিত হয়।
এদিকে পরিদর্শনে এসে আমিনুল হক বলেন, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আপনাদের এই সন্তান ভাইরাল মেসির দায় দায়িত্ব এখন থেকে আমাদের নেতা তারেক রহমানের। যেহেতু সোহানের বয়স এখন সাড়ে ৫ বছর। ৭ বছর না হলে বিকেএসপিতে দেওয়া যাবেনা। তাই, ৭ বছর হওয়া পর্যন্ত প্রতি মাসের ৫ তারিখের মধ্যে সোহানের পরিবারের হাতে একটি নির্দিষ্ট পরিমাণের টাকা পৌঁছে দেওয়া হবে, সঙ্গে পর্যাপ্ত ক্রীড়া সামগ্রী। এই টাকায় সোহানের লেখাপড়া থেকে শুরু করে অন্যান্য খরচ মেটানো সম্ভব হবে।
আমিনুল হক সাংবাদিকদের বলেন, ওর পায়ে এমন কিছু আছে যার সত্যিই আল্লাহ প্রদত্ত। প্র্যাকটিস করেও অনেক সময় এসব কারুকাজ রপ্ত করা সম্ভব হয় না। এই সোহানের ক্রীড়াশৈলীর ভিডিও দেখে আগামী দিনের রাষ্ট্রনায়ক ও বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান খুবই মুগ্ধ হয়েছেন। উনার নির্দেশেই আমি এখানে এসেছি। উনি আমাকে এখানে পাঠিয়েছেন সরেজমিনে ওর প্র্যাকটিস দেখে। তৃণমূলের এই খুদে খেলোয়াড়কে আগামী দিনেও যা যা করা দরকার সবকিছু করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য সংস্কার বিষয়ক কমিটির বিশেষজ্ঞ প্যানেলের সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রধান সমন্বয়ক (সাবেক) আনোয়ারুজ্জামান আনোয়ার, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) বশির আহমেদ সরকার, সাধারণ সম্পাদক নুরুল হক জিতুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।

খুদে মেসির জাদু দেখতে বাড়ির উঠানে ভিড়, দারিদ্র্যের কষাঘাতে হতাশ বাবা