উল্টো পথে ঢুকে সিএনজিকে ধাক্কায় নিহত ৩, সেই বাসচালক গ্রেপ্তার

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৭:০২

সুনামগঞ্জে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জাকির আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

শুক্রবার (৮ আগস্ট) র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত বাসচালককে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে র‍্যাব-৯ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুর এলাকায় বাস-অটোরিকশার সংঘর্ষের ঘটনায় প্রধান অভিযুক্ত বাসচালক সিলেটে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে রাত ৮টা ৪০ মিনিটের দিকে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘দুর্ঘটনার পরপরই বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে এরই মধ্যে সিলেটের লামাকাজি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে গত বুধবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুরে সড়কে দ্রুতগতির ওই বাসটি উল্টো পথে (রং সাইডে) গিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী, সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি এবং শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলামসহ তিন অটোরিকশা যাত্রী নিহত হন। গুরুতর আহত হন অটোরিকশা চালক। পরে এ ঘটনার জেরে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সবশেষ অভিযুক্ত বাসচালককে গ্রেপ্তার করা হলো।  

ইত্তেফাক/এপি