জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে 'মেয়ে দেখলে উত্ত্যক্ত করবই, আমরা বিভাগেও করি, খোঁজ নিয়ে দেখেন' বলে হেনস্তা করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আবদুর রহমানের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচার ও নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, বেলা ১১টার দিকে ক্লাস শেষে ফিন্যান্স বিভাগের সামনের সিঁড়ি দিয়ে যাওয়ার সময় ছাত্রদলের সদস্য আবদুর রহমান তাকে অশোভন কথাবার্তা বলে। তখন তার সঙ্গে থাকা দুই সহপাঠী প্রতিবাদ করলে আবদুর রহমান বলেন, 'আমরা মেয়েদের দেখলেই মন্তব্য করব, যা পারেন করেন।' নিজের বিভাগে তিনি যা খুশি তাই করতে পারেন। তার সঙ্গে থাকা দুই সহপাঠীও তাকে সমর্থন করে উস্কানি দেন। এমন ঘটনার পর আমরা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
অভিযুক্ত আবদুর রহমান ফিন্যান্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে যুক্ত এবং যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের অনুসারী হিসেবে তার নেতৃত্বে রাজনীতি করেন। এছাড়া, যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের অর্থ সম্পাদক পদে রয়েছেন। ঘটনার সময় তার সঙ্গে থাকা আরও দুইজন একই বিভাগের ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন জানান, তারা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং খোঁজখবর নিচ্ছেন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় তদন্ত করা হবে। যদি কারো বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সংগঠন থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক জানান, ইভ-টিজিং সংক্রান্ত অভিযোগ তারা পেয়েছেন এবং আদালতের নির্দেশ অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। এজন্য দুইজন সহকারী প্রক্টরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা রিপোর্ট জমা দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
