পশ্চিম ইউরোপে তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে। ইতিহাসের সবচেয়ে বেশি গরম পড়েছে সেই অঞ্চলে। পশ্চিম ইউরোপে চলা তাপপ্রবাহে বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডসে সর্বোচ্চ উষ্ণ আবহাওয়ার রেকর্ড করা হয়েছে।
গত জুন মাস থেকে স্পেন, ফ্রান্স, ইতালিতে তীব্র তাপপ্রবাহ শুরু হয়। জার্মানি, পোলান্ড এবং চেক রিপাবলিক জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা গেছে। বুধবার জার্মানিতে তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার গরম আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। প্যারিসে তাপমাত্রা ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৪৭ সালের পর সর্বোচ্চ। লুক্সেমবার্গে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। বেলজিয়াম শহর কিয়েনে ব্রোগেলে সর্বোচ্চ ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
ইতিমধ্যে ফ্রান্সে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বলা হচ্ছে, সেখানে তাপমাত্র ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। স্পেন ও পর্তুগালে এমন রেকর্ড গরম থেকে দাবানলের পূর্বাভাস দেওয়া হয়েছে। তীব্র দাবদাহ চলছে ইউরোপের আরেক দেশ স্পেনেও। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ানোয় দেশটিতে দাবানলের সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জার্মানিও সতর্কতা জারি করেছে।
এ দাবদাহের সঙ্গে বৈশ্বিক উষ্ণতার সরাসরি সংযোগ রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন ঘটনা আরো ঘটবে। আবহাওয়াবিদরা বলছেন, উত্তর আফ্রিকা থেকে বয়ে আসা উষ্ণ বাতাস ইউরোপের এ দাবদাহের জন্য দায়ী।
