প্যারোলে এক মাসের মুক্তি রাজীব গান্ধীর খুনি নলিনীর

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:৩৮

মেয়ের বিয়ের জন্য এক মাসের প্যারোলে জেল থেকে ছাড়া পেলেন রাজীব গান্ধীর খুনি নলিনী শ্রীহরণ। গতকাল ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার

মেয়ে হরিত্র হরিহরণের বিয়ের জন্য এই ‘ছুটি’ দেওয়া হলেও একাধিক শর্ত আরোপ করেছে আদালত। এই এক মাসে নলিনী ভেলোরের বাইরে যেতে পারবেন না। কথা বলতে পারবেন না কোনো রাজনীতিক বা সাংবাদিকদের সঙ্গে। জুলাইয়ের গোড়ার দিকে মেয়ের বিয়ের জন্য ছয় মাসের প্যারলের আবেদন করেন নলিনী। মাদ্রাজ হাইকোর্টে প্যারলের পক্ষে নিজেই সওয়াল করেন। বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চে আবেগঘন আবেদনে নলিনী বলেন, ‘‘মেয়ের দেখভাল করতে পারিনি। মায়ের কর্তব্য পালন করতে পারিনি। বাবা মারা যাওয়ার আগে তার দেখভালও করতে পারিনি। কিন্তু এখন মেয়ের বিয়ের জন্য পরিবারের সঙ্গে যোগ দিতেই হবে। আমাকেই (বিয়ের জন্য) টাকা পয়সা জোগাড় করতে হবে।’’

গত ২৮ বছর ধরে জেলবন্দি রয়েছেন রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নলিনী। এই মামলাতেই যাবজ্জীবন সাজা হয়েছে তার স্বামী মুরুগানেরও। দুই জন একই জেলে বন্দি রয়েছেন। রাজীব গান্ধীর খুনিদের আশ্রয় দেওয়ার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। সেই অভিযোগেই দুই জনের ফাঁসির সাজা হয়েছিল। পরে জেলেই কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর রাজীবপত্নী সোনিয়া গান্ধীর হস্তক্ষেপে তাদের ফাঁসির আদেশ যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত হয়।