এমপি বদির ভাইপো একাধিক মামলার আসামি বেনাপোলে আটক

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:৩৮

ভারত যাওয়ার সময় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় অস্ত্র, মাদকসহ একাধিক মামলার আসামি শাহজাহান নামে এক পাসপোর্টধারী যাত্রীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। তিনি আলোচিত ইয়াবা সম্রাট ও সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাইয়ের ছেলে। তিনি টেকনাফ থানার শ্রমিক লীগেরও সভাপতি। আটক শাহজাহান কক্সবাজার জেলার টেকনাফ থানার লেংগোবিল গ্রামের জাফর আহমেদের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, তার নামে অস্ত্র মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। তিনি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় তাকে আটক করা হয়। তাকে বেনাপোল বন্দর থানায় নেওয়া হয়েছে।

বেনাপোল বন্দর থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘তার পাসপোর্ট ব্লক ছিল। তাই ইমিগ্রেশন আটক করে থানায় হস্তান্তর করেছে।’

আরও পড়ুন: স্বামীর দাবি 'আগুনে পুড়ে আত্মহত্যা' পরিবারের দাবি 'হত্যা'

নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান বলেন, ‘যদি কারো পাসপোর্টে বিদেশ গমনে বাধা থাকে, তবে তিনি বিদেশ যেতে পারবেন না। তাই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে।’

ইত্তেফাক/নূহু