শেষ বলে আয়ারল্যান্ডের জয়ের জন্য দরকার ৪ রান। বোলিংয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে এক নম্বর বোলার পাকিস্তানের সাদিয়া ইকবাল। ব্যাটিংয়ে জেন ম্যাগুয়ের নিজের ইনিংসে প্রথম বলটি খেলতে প্রস্তুত।
ম্যাচের এমন অবস্থায় জয়ের দৌড়ে এগিয়ে ছিল পাকিস্তান। তবে ম্যাগুয়ের নিজের ইনিংসের প্রথম বলেই মেরে দিলেন ছক্কা! এতেই ডাবলিনে কাল রাতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৪ উইকেটের জয় পায় আয়ারল্যান্ড। আর ম্যাগুয়ের গড়েছেন বিশ্ব রেকর্ড।
ম্যাগুয়েরই প্রথম ক্রিকেটার, যিনি নিজ ইনিংসে প্রথম বলে ছক্কা মেরে আন্তর্জাতিক ম্যাচ জেতালেন। এর আগে অনেকেই শেষ বলে ছক্কা মেরে জেতালেও সেগুলো কারও ইনিংসের প্রথম বল ছিল না।
জয়ের পর ম্যাগুয়ের বলেছেন, ‘মাত্র এক বল থাকায় (ব্যাটিংয়ে নামার সময়) খুব একটা ভালো লাগছিল না। রেব (রেবেকা স্টোকেল) বলল, নিজের শক্তির জায়গায় থেকে সোজা মারো। আমি সেটাই করেছি। ভাগ্য ভালো যে ফুল টস ছিল।’ ম্যাগুয়েরের কাছে জানতে চাওয়া হয়েছিল, টি–টোয়েন্টিতে এর আগে ছক্কা মেরেছেন কি না? তার উত্তর, ‘আন্তর্জাতিক ম্যাচে এর আগে কখনো ছক্কা মারিনি।’
এর আগে টস জিতে আগে ব্যাটিং করা পাকিস্তান ৬ উইকেট ১৬৮ রান তুলেছিল। সর্বোচ্চ ৩৩ রান করেন শাওয়াল জুলফিকার। এই রান তাড়া করতে নেমে ফিফটি করেন অর্লা প্রেন্ডারগাস্ট (৫১), লরা ডেলানি খেলেন ৪২ রানের ইনিংস।
তবে ১৬ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংসে ম্যাচসেরা হন রেবেকা স্টোকেল। তার ইনিংসেই শেষ ৪ ওভারে ৪৫ রানের সমীকরণ মিলিয়েছে আয়ারল্যান্ড। বাঁহাতি স্পিনার সাদিয়ার ফুলটসে ছক্কা মেরে শেষ কাজটা করেছেন ম্যাগুয়ের।
তিন ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচেও আয়ারল্যান্ডের কাছে হেরেছিল পাকিস্তান। তাই টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে আয়ারল্যান্ড।
