পশ্চিমা বর্জ্য নিয়ে এশিয়ায় ক্ষোভ

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:৪১

এই মুহূর্তে ব্রিটেনের ওপর চরম ক্ষিপ্ত হয়ে আছে  শ্রীলঙ্কা। আর তার প্রধান কারণ হলো—আবর্জনা। ব্রিটেন থেকে পাঠানো ১১১টি কন্টেইনার ভর্তি বর্জ্য নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে শ্রীলঙ্কায়। দ্বীপ রাষ্ট্রটির দাবি, ব্রিটেন যেসব বর্জ্য পাঠিয়েছে সেগুলো এখনই ফেরত নিতে হবে। কেননা ঐসব বর্জ্যের মধ্যে বিপজ্জনক পদার্থ রয়েছে। তাদের আশঙ্কা এগুলো সমুদ্রের পানিতে মিশে মারাত্মক দূষণ সৃষ্টি করবে। আর এসব কারণেই পশ্চিমাদের বর্জ্য নিয়ে এখন মারাত্মক দুশ্চিন্তায় এশিয়ার দেশগুলো। তারা বলছে, এশিয়াকে কখনো পশ্চিমা দেশের ভাগাড়ে পরিণত হতে দেওয়া হবে না। পশ্চিমা দেশগুলো থেকে উন্নয়নশীল এশিয়ান দেশগুলোতে পুনর্ব্যবহার বা রিসাইক্লিং-এর কথা বলে প্রচুর বর্জ্য পাঠানো হয়। ২০১৮ সালে চীন ঘোষণা দেয় যে, তারা পশ্চিমা কোনো দেশের প্লাস্টিক বর্জ্য আর গ্রহণ করবে না। এর ফলে এখন সেসব বর্জ্য অন্যান্য উন্নয়নশীল দেশে পাঠানোর প্রবণতা বেড়েছে। কিন্তু এই বছরের মে মাসে ফিলিপাইন ৬৯টি বর্জ্য ভর্তি কন্টেইনার কানাডায় ফেরত পাঠিয়ে দিয়েছে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও একই কাজ করেছে সাম্প্রতিক সময়ে। একই কাজ করেছে কম্বোডিয়া। এই মাসের শুরুতে তারাও ৮৩টি কন্টেইনার যুক্তরাজ্যে ও কানাডায় ফেরত পাঠিয়ে বলেছে, ‘কম্বোডিয়া কোনো ডাস্টবিন নয়’।       —বিবিসি