আফগানিস্তানের রাজধানী কাবুলে তিনটি বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের কর্মচারীদের বহনকারী বাসে প্রথম হামলার ঘটনা ঘটে। এতে আট জন নিহত ও ১০ জন আহত হয়। এর কয়েক মিনিট পর কাছেই দ্বিতীয় আরেকটি বিস্ফোরণে সাত জন নিহত ও ২০ জন আহত হয়। সরকারি কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, প্রথমে মিনিবাসটিতে লাগিয়ে দেওয়া একটি চুম্বক বোমা বিস্ফোরিত হয়, এ বিস্ফোরণের পর কাছেই এক আত্মঘাতী আরেকটি বোমা বিস্ফোরণ ঘটায়। নগরীর পূর্বাংশে অজ্ঞাত জঙ্গিরা আরেকটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। তিন বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মেরিন জেনারেল যোশেফ ডানফোর্ড কাবুলে শীর্ষ মার্কিন ও ন্যাটো কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সময় এসব হামলার ঘটনা ঘটল। কোনো জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
