দুই দফা দাবিতে আশুগঞ্জ সারকারখানায় শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৬:২৭

‘এক কর্পোরেশন এক স্কেল’ বাস্তবায়ন এবং কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে বিক্ষোভ ও গেট মিটিং করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের (এএফসিসিএল) শ্রমিক-কর্মচারীরা।

রোববার (১০ আগস্ট) সকালে কারখানার প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন এএফসিসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদ। বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবু কাউসার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।

বক্তব্যে দুই দফা প্রধান দাবি তুলে ধরা হয়- ১. জাতীয় মজুরি স্কেলভুক্তদের জন্য ‘এক কর্পোরেশন এক স্কেল’ বাস্তবায়ন, ২. কারখানায় দ্রুত ও স্থায়ীভাবে গ্যাস সংযোগ চালু করে উৎপাদন শুরু করা

বক্তারা বলেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) আওতাধীন আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান। অথচ বছরের বেশিরভাগ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় উৎপাদন বন্ধ রয়েছে। এতে একদিকে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে দেশের চাহিদা মেটাতে আমদানিনির্ভরতা বাড়ছে।

তারা আরও বলেন, মিসরে আমাদের সময়ের সমসাময়িক দুটি সার কারখানা আজ ১৬০০ মেট্রিক টন থেকে উৎপাদন বাড়িয়ে ২২০০ মেট্রিক টনে উন্নীত করেছে। অথচ আমাদের কারখানা গ্যাস না থাকায় দীর্ঘদিন বন্ধ। সরকার যদি চায়, এই কারখানা সহজেই সচল করা সম্ভব।

বক্তারা অভিযোগ করে বলেন, একই প্রতিষ্ঠানে কর্মরত হলেও এখনো অনেক শ্রমিক মজুরি স্কেলে বেতন পাচ্ছেন, যেখানে অন্যরা পে-স্কেল অনুযায়ী বেতন পান। এ বৈষম্য দ্রুত নিরসনের দাবিও জানান তারা।

তারা আরও জানান, জাতীয় মজুরি স্কেলভুক্ত শ্রমিকদের ১৫ শতাংশ বিশেষ প্রণোদনা দ্রুত কার্যকর করতে হবে, নইলে কঠোর আন্দোলনেনামবে তারা।

ইত্তেফাক/এএইচপি