গাজীপুরে সাবেক সিভিল সার্জনের বাড়িতে ডাকাতি, আহত ৩

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৬:৩০

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজারের কলমেশ্বর এলাকায় সাবেক সিভিল সার্জন হাফিজুর রহমান খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৯ আগস্ট) গভীর রাতে ১০–১২ জনের একটি সশস্ত্র দল এ ঘটনা ঘটায়।

ডাকাতরা রাত ৩টার দিকে সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢুকে প্রথমে কেয়ারটেকার হিজবুল্লাহকে মারধর করে বেঁধে ফেলে। এরপর মূল দরজা ভেঙে দ্বিতীয় তলায় উঠে হাফিজুর রহমানের স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে চাবি নিয়ে যায়। তারা নগদ ২ লাখ টাকা, প্রায় ১২ ভরি স্বর্ণালঙ্কার, ছয়টি মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়।

হামলায় কেয়ারটেকারসহ তিনজন আহত হন। ডাকাতরা যাওয়ার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। ঘটনাস্থল থেকে দুটি দা ও একটি ককটেল জব্দ করেছে পুলিশ।

হাফিজুর রহমানের ছেলে ডা. মোসফিকুজ সালেহীন বলেন, ‘অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করেছে। আমরা পরিবারের নিরাপত্তা ও লুণ্ঠিত মালামাল ফেরত চাই।’

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দায়ীদের গ্রেপ্তারে একাধিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় সিআইডিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে, কারণ সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে ডাকাতিসহ নানা অপরাধের ঘটনা বেড়েছে।

ইত্তেফাক/এএম