সাভার পৌরসভার ৯নং ওয়ার্ডের গেন্ডা মহল্লা। সাভার পৌর ভবনটি গেন্ডাতেই অবস্থিত। কিন্তু গেন্ডা মহল্লার বাসিন্দারাই রয়েছেন অবহেলিত। বিগত ১৫ বছরেও গেন্ডা সড়কের কোন সংস্কার কাজ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই গেন্ডা সড়ক দিয়েই সাধাপুর, কাজীপাড়া, চাকুলিয়া, নিকরাইলসহ বেশ কয়েকটি গ্রামের শত শত মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। ব্যস্ততম এ রাস্তাটি ভাঙ্গাচোরা থাকার কারণে স্বাভাবিক ভাবে কোন যানবাহন চলাচলের অবস্থা নেই। এই সুযোগে এ সড়কে চলাচলকারী ব্যাটারী চালিত আটোরিকশাাসহ পায়ে চালিত রিকশা চালকরা ভাড়া দ্বিগুন আদায় করছে।
এলাকাবাসীর অভিযোগ, সাভার পৌরসভার গেন্ডা একটি গুরুত্বপূর্ন ও আবাসিক এলাকা। এ এলাকা দিয়ে শুধু গেন্ডা মহল্লাবাসী নয়, পার্শ্ববর্তী ৫ গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। কিন্তু পৌর কর্তৃপক্ষ এ সড়কটি সংস্কারে উদাসীন। সড়কটির কোথাও খানাখন্দে ভরা, আবার কোথাও উচু নিচু হয়ে আছে। ভাঙ্গা রাস্তা এবং সংস্কারের উদ্যোগ না নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির সীমা নেই।
এলাকার বাসিন্দা সাইদুর রহমান খান বলেন, এ ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে কোন রোগীকে হাসপাতালে নেওয়াটা মারাত্মক ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। একাধিক ব্যাটারী চালিত রিকশা চালক বলেন, ভাঙ্গা সড়কে চলাচলের কারণে তাদের রিকশায় বেশী চার্জ দিতে হয় তাই খরচ বেশী লাগে। এছাড়া অনেক সময় রিকশা ক্ষতিগ্রস্তও হয়। তাই বাধ্য হয়ে ভাড়া বেশী নেওয়া হয়। সাভার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আয়নাল হক বলেন, সামনেই নির্বাচনের পরে টেন্ডার হবে। এরপরই আমরা রাস্তার কাজ শুরু করব।
