পটুয়াখালীতে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ২১:১৫

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী বাজারের পাশে বিএনপি নেতার বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। শনিবার (৯ আগস্ট) গভীর রাতে ডাকাতরা উপজেলা বিএনপির গনশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সাইরুল ইসলামের বাসা থেকে ডাকাতরা টাকা ও স্বর্ণালংকার লুট করে।

ভূক্তভোগী বিএনপি নেতা জানান, রাত ২টা থেকে আড়াইটার মধ্যে জানালা কেটে এক ডাকাত ঘরে ঢুকে দরজা খুলে দেয়। এরপর ১৯–২০ জনের একটি দল ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে এবং অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এরপর ঘর থেকে নগদ ৯ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণ ও ৫টি মোবাইল  নিয়ে যায়। 

এর আগে, একই উপজেলার পূজাখোলা এলাকায় গত ৪ আগস্ট রাতে এক প্রবাসীর বাড়িতে ৪–৫ জনের এক ডাকাত দল গ্রিল কেটে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে মারধর করে। সেই ঘটনায় ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকার ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়। প্রবাসীর স্ত্রী জানান, ডাকাতরা তাকে সম্ভ্রমহানির ভয় দেখায়। আতঙ্কে তিনি ছাদ থেকে লাফ দেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়। বাড়ির মালিক বর্তমানে সৌদি আরবে কর্মরত।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, 'দুটি ডাকাতির ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। তদন্ত এখনও চলছে এবং ডাকাতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।'

ইত্তেফাক/এএম