সেনবাগে ভুল সিজারিয়ানে মা ও শিশুর মৃত্যু

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২১:৫৮

নোয়াখালীর সেনবাগ পৌর শহরের দি নিউ সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালে গত বুধবার রাতে ভুল সিজারিয়ান অপারেশনে মা ও শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতালের মালিকের ভাইসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নোয়াখালী সদর হাসপাতালে ঐ মায়ের ময়নাতদন্ত হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন : হাসপাতাল মালিক সোহেলের ছোট ভাই এবং সেনবাগ পৌরসভার বাবুপুর গ্রামের ওহিদুর রহমানের ছেলে হারুন অর রশিদ (২৫) ও হাসপাতালের   পরিচালক উপজেলার কাবিলপুর গ্রমের মাহমুদুল হকের ছেলে আমিরুল ইসলাম (৩১)।

সম্প্রতি এ হাসপাতালকে বৈধ কাগজপত্র ও অব্যবস্থাপনার দায়ে ভ্রাম্যমাণ আদালত ৮০ হাজার টাকা জরিমানা করেছিল।

পুলিশ জানায়, গত বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার ৩ নম্বর ডুমুরুয়া ইউনিয়নের হোমনাবাদ-শ্রীপুর গ্রামের মো. রিপনের স্ত্রী বিবি কুলসুমকে (১৯) দি নিউ সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে তার সিজারিয়ান অপারেশন শুরু করা হয়। ভুল অপারেশনের কারণে তার অবস্থা গুরুতর হয়ে উঠে। এ অবস্থায় হাসপাতাল মালিক একটি মাইক্রোবাসে করে কুলসুমকে দুই জন নার্স সহকারে চট্টগ্রামের উদ্দেশে পাঠান। কিন্তু মাইক্রোবাসটি ফেনী পৌঁছালে কুলসুমের মৃত্যু হয়।

রোগীর স্বজনদের অভিযোগ—কোনো অভিজ্ঞ চিকিত্সক না থাকায় মালিক পক্ষের লোকজনই অপারেশন করা শুরু করেন। এর পর রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত ফোনের সূত্র ধরে সেনবাগ থানার এসআই সৌমজিত্ বড়ুয়ার নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে। গতকাল ঐ হাসপাতালে গেলে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে দায়িত্বশীল একটি সূত্র জানায়, অপারেশন করেছে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিত্সক মঞ্জুরুল হক। এনেসথেসিয়া কে দিয়েছে সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারেনি। মঞ্জুরুল হকের মোবাইল ফোনে কয়েক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।