রাজধানীর বাড্ডা ও মিরপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। র্যাব জানিয়েছে, নিহতদের একজন মাদক ব্যবসায়ী ও আরেকজন শীর্ষ সন্ত্রাসী।
র্যাব জানায়, বুধবার রাতে বাড্ডার সাঁতারকুলের পাঁচখোলা এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ মহারাজ নামের ২৯ মামলার এক মাদক ব্যবসায়ী এবং মিরপুর বেড়িবাঁধে শাহাদাত্ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ব্যাঙ্গা বাবু নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচখোলায় ‘বন্দুকযুদ্ধের’ সময় র্যাবের এক সদস্যও আহত হন।
র্যাব-১ এর এএসপি (মিডিয়া) মো. কামরুজ্জামান জানান, একদল মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা ও মাদকের টাকা ভাগ-বাটোয়ারা করছে—এমন খবরে টহল টিম বাড্ডার পাঁচখোলা এলাকায় যায়। সেখানে র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র্যাব সদস্যরাও পালটা গুলি ছোড়ে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
কামরুজ্জামান আরো জানান, নিহতের নাম মহারাজ (৪০)। তিনি ২৯টি মাদক মামলার আসামি। ঘটনাস্থল থেকে তিন পিস ইয়াবা, শটগান ও ওয়ান শুটারগান জব্দ করা হয়েছে। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরপুর বেড়িবাঁধে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবু (৩৮) নামের একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং শাহাদাত্ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন। বুধবার রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। র্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম বলেন, রাতে খবর পাই শাহআলী থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে। র্যাবের টহল দল সেখানে গেলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র?্যাব পালটা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
