ছেলেধরা সন্দেহে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে গণপিটুনিতে তিন নারী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ভারতীয়। ভোলার লালমোহনে ছেলেধরা সন্দেহে এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। এদিকে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে কথিত সাংবাদিকসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। সাভারে গণপিটুনিতে নারী হত্যার ঘটনায় কলেজছাত্রকে আটক করা হয়েছে। খবর আমাদের স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) :উপজেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে এক নারী আহত হয়েছেন। ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর রাজীবপুর গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী হামিদা বেগম (৬৫) গত বুধবার সন্ধ্যায় একই গ্রামের তার মেয়েজামাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) :জেলার দামুড়হুদা সীমান্তে ছেলেধরা সন্দেহে এক ভারতীয়সহ দুই নারীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এরা হলেন ভারতের পুরুলিয়া জেলার হুরিয় তানার দাবাং গ্রামের পদ্মরানী (৪৫) ও বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চৌকিপাড়া গ্রামের শিউলী খাতুন (৪৫)। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সীমান্তবর্তী বাড়াদী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সীমান্তবর্তী বাড়াদী ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন।
লালমোহন (ভোলা) :ভোলার লালমোহনে ছেলেধরা সন্দেহে এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। বুধবার রাতে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদ্রাসা বাজার থেকে ওই কিশোরকে উদ্ধার করে পুলিশ। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, ছেলেটি বোবা। থানা হেফাজতে রয়েছে সে।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) :ফেসবুকে ছেলেধরার গুজব ছড়ানোর অভিযোগে কথিত সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি আব্দুল আলীমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার মল্লিকপুর বল্লাইহাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
দিনাজপুর :‘পদ্মা সেতু নির্মাণে ১ লাখ বা তার অধিক মানুষের মাথা প্রয়োজন’—ফেসবুকে এমন পোস্ট দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গতকাল দিনাজপুরে মোস্তফা মনোওয়ার হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সাভার :সাভারে বাসা ভাড়া নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় সাব্বির হোসেন শাওন (১৮) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। গতকাল উপজেলার হরিণধরা বাগবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমারত্ হোসেন বলেন, ছেলেধরা গুজবে নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ওই কলেজছাত্রকে চিহ্নিত করা হয়।
