রাজধানীর পল্লবীর মিরপুর–১২ নম্বরে বাসের ধাক্কায় মো. ইমন মোল্লা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু মো. সিয়াম (২৪) আহত হয়েছেন।
রোববার (১০ আগস্ট) রাত ১১টার দিকে মিরপুর–১২-এর চৌরঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমন মোল্লার ফুফাতো ভাই আলমাস মাতবর বলেন, ইমন ও সিয়াম উত্তরার একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আইল্যান্ডে মাথায় গুরুতর আঘাত পান ইমন। সিয়াম সামান্য আহত হন ও স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ইমন মোল্লার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
