সিরি আ ক্লাব কোমোকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে জোয়ান গাম্পার ট্রফি জিতেছে বার্সেলোনা। এর মাধ্যমে নিজেদের প্রাক-মৌসুম প্রস্তুতির অপরাজিত যাত্রা বজায় রাখলো কাতালানরা। ২০২৪ সালে মোনাকোর কাছে হেরেছিল বার্সা। তবে এবার দাপট দেখিয়ে গাম্পার ট্রফি পুনরুদ্ধার করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচে বার্সার হয়ে দুটি করে গোল করেন ফারমিন লোপেজ ও লামিনে ইয়ামাল।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে বার্সেলোনা। ২১ মিনিটে কোমোর ডিফেন্ডারদের ভুল পাসের সুযোগ নিয়ে ফারমিন লোপেজ ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে বার্সাকে লিড এনে দেন। বিরতির ১০ মিনিট আগে আবার গোল করেন তিনি।
বিরতির আগেই বার্সা তাদের আক্রমণ বাড়িয়ে দিয়ে আরও দুইটি গোল আদায় করে নেয়। ম্যাচের ৩৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের নিখুঁত ক্রস থেকে গোল করেন রাফিনিয়া। এরপর এই ব্রাজিলিয়ান নিজেই বল নিয়ে ইয়ামালকে সহজ এক পাস দেন, যেখান থেকে ইয়ামাল গোল করতে ভুল করেননি।
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার তিন মিনিটের মধ্যেই বাম কোণে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামাল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
