‘শান্তির পথ: সংকট থেকে ঐক্যমত্যের দিকে রাস্তা’ এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে শুরু হতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত ছায়া জাতিসংঘ সম্মেলন।
‘ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন কনফারেন্স ২০২৫’ (ডিআরএমসি এমইউএনএ ২০২৫) অনুষ্ঠিত হবে আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর। তিন দিনব্যাপী এই সম্মেলনে অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৪৫০ জন প্রতিনিধি।
সম্মেলনের সভাপতিত্ব করবেন ইবতিসাম মাহি। আয়োজকরা জানিয়েছেন, এটি হতে যাচ্ছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাববিস্তারী ছায়া জাতিসংঘ সম্মেলনগুলোর একটি।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে বাস্তব জাতিসংঘ কমিটির পাশাপাশি ঐতিহাসিক মন্ত্রিসভা কমিটি এবং অন্তর্বর্তীকালীন সরকার কমিটিরও মডেল উপস্থাপন করা হবে, যা এই সম্মেলনকে অন্যান্য সম্মেলন থেকে ভিন্নমাত্রা দেবে।
আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতা, মানবাধিকার সংকট ও বৈশ্বিক কূটনীতির জটিল প্রেক্ষাপটে এই সম্মেলনটি তরুণ শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে মনে করছেন আয়োজকরা। এছাড়াও সেরা ক্যাম্পাস এম্বাসেডরের জন্য রয়েছে ১৭ হাজার টাকা পুরষ্কার।
সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন জাতিসংঘ সংস্থা ও আন্তর্জাতিক কমিটির প্রতিনিধিত্ব করবেন। তারা বাস্তব কূটনৈতিক ইস্যু নিয়ে আলোচনা, বিতর্ক এবং সমাধানমূলক প্রস্তাব উপস্থাপন করে নেতৃত্ব, সমালোচনামূলক বিশ্লেষণ ও আলোচনার দক্ষতা অর্জন করবেন।
এর আগেও ডিআরএমসি এমইউএনএ সাফল্যের সঙ্গে আন্তর্জাতিক মানের এই সম্মেলন আয়োজন করেছে। আয়োজকরা আশা করছেন, এবারের আয়োজনও শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি এবং বিশ্ব-নাগরিক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা জোগাবে।
ডিআরএমসি এমইউএনএ ২০২৫-এ রেজস্ট্রেশন করতে ক্লিক করুন
