আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, সরকার দুঃসময়ে মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকার বন্যার্তদের সব ধরনের সাহায্য-সহযোগিতা অব্যাহত রেখেছে। অতীতে যে কোনো দুর্যোগ মোকাবিলায় সরকার সক্ষমতার পরিচয় দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়াহাট উচ্চ বিদ্যালয় মাঠে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণপূর্ব এক বিশাল সমাবেশে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিমের আগমন ঘিরে সেখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
মোহাম্মদ নাসিম বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকার সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সবাইকে ধৈর্য সহকারে এই দুর্যোগ মোকাবিলা করতে হবে। জনগণের দুঃখ-দুর্দশায় জননেত্রী, মানবতার নেত্রী শেখ হাসিনার মন কাঁদছে। তিনি দেশের বাইরে থেকেও দলের সকল নেতাকর্মীদের বন্যাদুর্গত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমি এখনো এসেছি। নির্বাচনের আগেও এসেছিলাম। জনগণের দুর্দিনেও এসেছি। বিএনপির উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, তারা ঘরে বসে শুধু বক্তব্য দিচ্ছে। কাজের কাজ কিছুই করছে না। বন্যাদুর্গত এলাকায় বিএনপি নেতাদের দেখা নেই। এই হলো তাদের চরিত্র।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার ঘোষ, জেলা পরিষদ সদস্য প্রভাষক সাখাওয়াত হোসেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে মোহাম্মদ নাসিম বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
