উখিয়া সীমান্তে ভারী অস্ত্রসহ আরাকান আর্মির সদস্য আটক

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৯:১৩

কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমার থেকে বিদেশি অস্ত্রসহ অনুপ্রবেশকারী আরাকান আর্মির এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আটক জীবন তঞ্চঙ্গা (২১) মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্য। 

সোমবার (১১ আগস্ট) সকাল পৌনে ৯টায় উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত দিয়ে আরাকান আর্মির এই সদস্যের অনুপ্রবেশের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, সকালে উখিয়ার বালুখালী সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে অস্ত্রসহ এক ব্যক্তি বাংলাদেশে ঢোকেন। পরে তিনি বালুখালী ক্যাম্পের একটি সীমান্ত চৌকিতে বিজিবির সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় চান। এ সময় বিজিবির সদস্যরা অস্ত্রটি জব্দ করে আরাকান আর্মির এই সদস্যকে হেফাজতে নেন। ঘটনাটি তাৎক্ষণিক বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আরাকান আর্মির আটক সদস্যকে পুলিশের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, আরাকান আর্মির আটক সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত নিরাপত্তা হুমকিতে পড়ায় সে অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। 

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান লে. কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন।

ইত্তেফাক/এএম/এমএইচএস