ইন্দুরকানীর পত্তাশী ইউনিয়নে পাইলট প্রকল্পের কর্মশালা

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২২:১২

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি ‘আমার গ্রাম—আমার শহর’ বাস্তবায়নের জন্য পাইলট প্রকল্প হিসেবে দেশের আটটি বিভাগের আটটি ইউনিয়ন বাছাই করা হয়েছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মতত্পরতার নিরিখে এসব ইউনিয়ন বাছাই করা হয়।

তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রকল্পভুক্ত ইউনিয়নে নাগরিকদের চাহিদা পূরণের জন্য ইতিমধ্যে নাগরিক মতামতের ভিত্তিতে করণীয় নিরূপণ কর্মশালা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও তথ্যপ্রযুুক্তি মন্ত্রণালয়ের এটুআই প্রকল্পের উদ্যোগে যে কর্মশালার কাজ হাতে নেওয়া হয়েছে তার প্রথমটি গতকাল বৃহস্পতিবার পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নে দিনভর অনুষ্ঠিত হয়।

উপজেলা মিলনায়তনে সংশ্লিষ্ট ইউনিয়নের ১৭৫ জন সেবাগৃহীতা ও সেবাদানকারী এ কর্মশালায় অংশ নিয়ে   সেবার খাতগুলো সম্পর্কে তাদের মতামত প্রদান করেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘সকলকে নিয়ে উন্নয়ন এবং উচ্চ আয় ও টেকসই উন্নয়ন’—এ দুইটি বিষয়কে প্রকল্পের বাতিঘর হিসেবে নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সরকার, গ্রাম-শহর, দারিদ্র্য, কৃষি, বিদ্যুত্, শিল্প, স্বাস্থ্য ও যোগাযোগ—এই বিষয়গুলো বাতিঘরের অন্তর্ভুক্ত। সকলকে নিয়ে উন্নয়ন—এ ধারণার ভিত্তি হচ্ছে নারী, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক, মুক্তিযোদ্ধা ও সংখ্যালঘু এবং উচ্চ আয় ও টেকসই উন্নয়নের ভিত্তি হচ্ছে অর্থনীতি, মেগা প্রজেক্ট, ব্লু-ইকোনোমি, জলবায়ু ও এনজিও। প্রকল্প বাস্তবায়নে কর্মশালায় গ্রামীণ স্বাতন্ত্র সংরক্ষণ, পরম্পরা ও সামাজিক মূল্যবোধের সুরক্ষা, উন্নততর ও বৈষম্যহীন জীবনমান, সব আধুনিক সেবা, সমৃদ্ধ সুষম ও উপযোগী অর্থনীতি, প্রতিশ্রুতি বাস্তবায়নে অন্তর্ভুক্তি ও শহরমুখী প্রবণতা কমানো—এসব বিষয়ের ওপর অংশগ্রহণকারীরা তাদের চাহিদা ও মতামত তুলে ধরেন।

এটুআই প্রকল্পের পরিচালক ও সরকারের যুগ্মসচিব মো. আব্দুস সবুর মণ্ডল কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং ইন্দুরকানীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল আহসান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পরিচালক মো. আব্দুস সবুর মণ্ডল ইত্তেফাককে জানান, আমার গ্রাম—আমার শহর প্রকল্পে ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী, চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী, রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া, খুলনা বিভাগের যশোরের আরবপুর, বরিশালের পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পত্তাশী, সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুুর, রংপুরের সাদ্দা পুষ্করিণী এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বেলর ইউনিয়নকে পাইলট প্রকল্প হিসাবে গ্রহণ করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে এসব ইউনিয়নে প্রকল্প বাস্তবায়নে করণীয় নিরূপণ কর্মশালা সম্পন্ন হবে। পিরোজপুরের ইন্দুরকানীর পত্তাশী ইউনিয়ন দিয়ে যার সূচনা করা হলো।