রাজশাহীতে কাস্টমস কর্মকর্তার বাড়ি থেকে ঘুষের টাকা ও অস্ত্রসহ আটক ৭

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২২:১২

সোনা মসজিদ স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তার বাড়িতে অবৈধ অর্থ ভাগবাটোয়ারার সময় সাত জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। এ সময় ঘুষের ৮ লাখ ৩০ হাজার টাকা, সাত হাজার ডলার ও গুলিসহ একটি পিস্তল জব্দ করেছে পুলিশ। বুধবার রাতে রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় এ অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। আটককৃতরা হলেন—আবু সাইদ নয়ন, আহসানুল কবির মিঠু, মনিরুল ইসলাম জুয়েল, বায়োজিদ হোসেন, আব্দুল মান্নান, আবুল হাসান রুবেল ও আব্দুল মালেক।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মহানগরীর উপশহর এলাকার ১৭১ নম্বর বাড়িতে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আইয়ুব আলী বসবাস করেন। ঐ বাড়িতে প্রতিদিনই মদের আড্ডা ও স্থলবন্দরের ফাঁকি দেওয়া রাজস্ব ভাগাভাগি হয়। বুধবার আটক মনিরুল ইসলাম জুয়েল নামের এক ব্যবসায়ীর মালবাহী দুটি ভারতীয় ট্রাক দেশে প্রবেশ করে। ঐ দুটি ট্রাক থেকে প্রায় ৮০ লাখ টাকা সরকারের রাজস্ব পাবার কথা। কিন্তু মাত্র ২০ লাখ টাকা রাজস্ব দিয়ে তড়িঘড়ি করে তারা মালামাল বাংলাদেশের ট্রাকে তুলে নেয়। সেই ২০ লাখ টাকা ভাগাভাগি হয় কতিপয় অসাধু কাস্টমস কর্মকর্তার মাঝে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, অভিযানে জব্দ করা অস্ত্র, টাকা ও ডলার বোয়ালিয়া থানায় রাখা হয়েছে। আর আটককৃতদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরো বলেন, আটক সকলেই বন্দরের আমদানিকারক। তবে বাড়ির মালিক কাস্টমস কর্মকর্তাকে কেন গ্রেফতার করা হয়নি? এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান পুলিশ কর্মকর্তারা।