বিটিসিএল-এর এমডি হিসেবে দায়িত্ব নিলেন প্রকৌশলী মো. মামুনুর রশীদ

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৫:৩৯

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী মো. মামুনুর রশীদ।

রোববার (১০ আগস্ট) এই পদে দায়িত্ব নেন। এর আগে তিনি বিটিসিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক (রক্ষণাবেক্ষণ ও চালনা) হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রকৌশলী মামুনুর রশীদ ১৯৬৭ সালের ২৫ ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। ঢাকা বোর্ড থেকে এসএসসি (১৯৮২) ও এইচএসসি (১৯৮৪) উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার পর, ১৯৯১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০৫ সালে জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটি থেকে টেলিকমিউনিকেশন্স বিষয়ে মাস্টার্স এবং ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেন।

তিনি ১৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৪ সালে টেলিকম ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে তৎকালীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ২০০২ সালে উপ-বিভাগীয় প্রকৌশলী, ২০১০ সালে বিভাগীয় প্রকৌশলী, ২০১৯ সালে পরিচালক এবং ২০২৪ সালে প্রধান কর্মাধ্যক্ষ পদে পদোন্নতি পান।

দায়িত্বপালনের পাশাপাশি তিনি জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ, সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/এএইচপি