যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের একটি বিল থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় এক অটোভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম লিমন শেখ (২৫)। তিনি উপজেলার বুইকরা গ্রামের কাশেম শেখের ছেলে। নিহত লিমন শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ আগস্ট) ভোর রাতে। সকালে এলাকাবাসী শংকরপাশা গ্রামের ফারাজীপাড়া বিলে রাস্তার পাশের একটি কচাঁ গাছে গলায় গামছা পেঁচানো অবস্থায় লিমনের লাশ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে সকাল ১০টার দিকে অভয়নগর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, নিহত লিমন রাতে ভ্যান নিয়ে বের হন। ধারণা করা হচ্ছে, তার কাছে থাকা ভ্যান ও মোবাইল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ গাছের সাথে বেঁধে রেখে গেছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যেই লিমনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা হবে।
