সাভারে মবিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০০:০৮

সাভারে একটি মবিল রিফাইন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হেমায়েতপুর যাদুরচর এলাকায় অবস্থিত মেসার্স নাছরীন অটো মোবাইল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ঐ অটো মোবাইল কারখানায় হঠাত্ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। খবর পেয়ে প্রথমে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় এবং কারখানায় অধিক পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। পরে রাজধানীর কল্যাণপুর ও ফায়ার হেড কোয়ার্টার থেকে আরো তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজে যোগ দেয়। ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  অগ্নি নির্বাপণের সময় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ফায়ার সার্ভিসের চার জন কর্মী দগ্ধ হন। দুই জনের অবস্থার গুরুতর হওয়ায় তাদেরকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি দুই জনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। আহতরা হলেন নূর মোহাম্মদ, পঙ্কজ দাস, ভজন সরকার ও সেলিম রেজা।  কারখানার ইঞ্জিনিয়ার মো. সাব্বির হোসেন বলেন, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের সকল নিয়ম কানুন মেনেই আমরা কারখানাটি পরিচালনা করছি। তিনি বলেন, এলপিজি গ্যাস দিয়ে কারখানার ভেতরে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় গ্যাস সিলিন্ডার থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের কারণে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।