রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। তার নাম শুভ (১৮)। গত বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে শুভকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হলে রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়। শুভ পুরান ঢাকার সিদ্দিকবাজারের জুয়েল ট্রেডার্স নামে একটি রেক্সিনের দোকানে কাজ করতেন।
দোকান মালিকের ভাই আব্দুর রহিম জানান, মৃত্যুর আগে শুভ তাকে জানিয়েছেন যে তিনি রিকশায় ওঠার সময় ছিনতাইকারী তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি মোবাইল ছেড়ে না দিলে ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাতে তিনি দোকান থেকে ট্রান্সপোর্টের মালামাল দিতে তাঁতীবাজারে যান। এসময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে ঢামেকে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
